
লাক্স-চ্যানেল আই সুপারস্টার, চ্যানেল আই সেরা কণ্ঠ এবং মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ-এর পর চ্যানেল আই এবার আবৃত্তিকার সন্ধানে নামছে। আর এ লক্ষ্যে আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে’। গতকাল চ্যানেল আই’র সিদ্ধেশ্বরীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় এই আয়োজনের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তি পরিষদের সভাপতি ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি, চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, প্রতিযোগিতার অন্যতম বিচারক বিশিষ্ট আবৃত্তিকার প্রজ্ঞা লাবণী ও আবৃত্তিকার ইসতেকবাল হোসেন। আর উপস্থিত ছিলেন ছড়াকার লুৎফর রহমান রিটন ও বিশিষ্ট আবৃত্তিকার ইকবাল খোরশেদ। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতে গিয়ে আহকাম উল্লাহ বলেন, সারাদেশের ৪০টি জেলায় ১৩১টি আবৃত্তি সংগঠন রয়েছে। প্রতিযোগিতার জন্য সারাদেশকে ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চলগুলো হচ্ছে- চট্টগ্রাম, মাগুরা, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী। ঢাকা বিভাগ ও ঢাকা শহর। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে নির্বাচিত করে মোট ১০০ জনকে নিয়ে ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় চট্টগ্রাম, মাগুরা, ও খুলনায় ১৩ই ফেব্রুয়ারি, ঢাকা বিভাগে ও ঢাকা শহরে ১৪ থেকে ১৯শে ফেব্রুয়ারি এবং বরিশাল সিলেট ও রাজশাহী বিভাগে ২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে দুটি বিচারক প্যানেলে থাকবেন কাজী আরিফ ও লায়লা বানু এবং ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও প্রজ্ঞা লাবণী। এছাড়াও অতিথি বিচারক হিসেবে থাকবেন সৈয়দ হাসান ইমাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা, শিমুল ইউসুফ, আফরোজা বানু, রূপা চক্রবর্তী, রবিশংকর মৈত্রী ও আহকাম উল্লাহ। মূল পর্বের উপস্থাপকের দায়িত্ব পালন করবেন অপু মাহফুজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রখ্যাত আবৃত্তিকার ও অভিনেতা গোলাম মুস্তাফার মৃত্যু দিবস ২০শে ফেব্রুয়ারিতে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই প্রতিযোগিতা শুরু হবে। মূল মঞ্চে গোলাম মুস্তাফা, নরেন বিশ্বাস এর প্রতিকৃতি থাকবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খুঁজে বের করা হবে দেশ সেরা আবৃত্তি-কারকে।
